মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনের অপরাধে ৬টি ড্রাম ট্রাক জব্দ এবং ৮ জনকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এস আই (নিরস্ত্র) এস.এম গোলাম মোর্শেদের নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের মঞ্জিলপুকুর বটতলা মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাটি বহনকালে ৬টি ড্রাম ট্রাকসহ ৮ জনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মোঃ মুন্না (২৬), মোঃ বকুল ইসলাম (৩৫), মোঃ সজল (২৬), মোঃ রিফাত (২২), মোঃ কলিন্স (২২) ও মোঃ জিসান (২৩) এবং নাটোরের লালপুর উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মোঃ সাকিব (২২) ও মোঃ খেজের আলী (৫৬)।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা (মামলা নং-৩২, তারিখ: ২৮/০৮/২০২৬) রুজু করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটাকাটি বন্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply