মো: হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক বৃদ্ধসহ তাঁর দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর বৃদ্ধ হৃদরোগে (স্ট্রোক) আক্রান্ত হয়ে তলিয়ে গেলে তাঁকে উদ্ধার করতে গিয়ে শিশু দুটিও পানিতে ডুবে প্রাণ হারায়।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শাকচর এলাকার মৃত আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে আবু সিদ্দিক (৭০), তাঁর ছেলে আব্দুল আজিজের শিশুপুত্র পিয়াস (৮) এবং মেয়ে সুমি আক্তারের শিশুকন্যা পপি আক্তার (৬)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আবু সিদ্দিক তাঁর নাতি পিয়াস ও নাতনি পপিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানিতে ডুব দিলে দীর্ঘক্ষণ আর ওপরে ওঠেননি। দাদাকে ভেসে না উঠতে দেখে দুই শিশু পানিতে নেমে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারাও গভীর পানিতে তলিয়ে যায়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্বজন ও স্থানীয়রা পুকুরে তাঁদের সন্ধান পান এবং তিনজনেরই মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় শাকচর ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান ফারুক একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। পুরো এর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Leave a Reply