মোঃ হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ৮ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুপারি পাড়া নিয়ে রিসাদের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিসাদের বুক, পেট ও বাম পায়ের হাঁটুর নিচে আঘাত করেন।
গুরুতর আহত রিসাদকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা সাহেদ হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে পুলিশের একটি অভিযানিক দল ব্যবহৃত ছুরিসহ রুবেলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
Leave a Reply