মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষা এবং তাদের টেকসই পুনর্বাসনের জন্য মিয়ানমার সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী।
এক বিবৃতিতে তিনি বলেন, “রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি করা সম্পূর্ণভাবে মিয়ানমার সরকারের দায়িত্ব।”
আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও এই সংকট চিরতরে বয়ে নেওয়া সম্ভব নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং অন্যান্য বৈশ্বিক ফোরামে মিয়ানমারের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে।
তিনি স্পষ্ট জানান, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র সমাধান। এ লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে মিয়ানমারকে অবিলম্বে তাদের নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
Leave a Reply