সাত দিনের সরকারি ও সাংগঠনিক সফরে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তার এই দ্বিপাক্ষিক সফর অনুষ্ঠিত হবে।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় অবস্থানকালে তিনি দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। এর পাশাপাশি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন।
বিরোধীদলীয় নেতার এই সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply