মাইকেল জ্যাকসনের তারকার পাশে স্মৃতিবন্দি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভ্রমণের অংশ হিসেবে বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান লস অ্যাঞ্জেলেসের ‘হলিউড ওয়াক অব ফেম’-এ পা রেখেছেন জনপ্রিয় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সাফা কবির। সেখানে গিয়ে বিশ্বের পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নামাঙ্কিত তারকাটির দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
শনিবার (২২ আগস্ট) সকালে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সাফা কবির। ছবিতে দেখা যায়, হলুদ পোশাকে হলিউড ওয়াক অব ফেমে মাইকেল জ্যাকসনের স্মারক তারকার পাশে আনন্দে উদ্বেলিত ভঙ্গিতে বসে আছেন তিনি।
নিজের এই আবেগপূর্ণ অভিজ্ঞতার কথা জানিয়ে ক্যাপশনে সাফা লিখেন, “মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হতো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।”
কিছুদিন ধরে শুটিংয়ের ব্যস্ততা কমিয়ে নিজেকে সময় দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন সাফা। লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা পিয়ার ও গ্রিফিথ অবজারভেটরির পাশাপাশি বিখ্যাত ‘হলিউড সাইন’ দেখার অভিজ্ঞতাও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
Leave a Reply