লক্ষ্মীপুরের রামগঞ্জে চুরি হওয়া একটি গরু বিএনপির স্থানীয় এক নেতার গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলের পক্ষ থেকে দুজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলছারা জোয়ার বাড়ির হতদরিদ্র হতি বেগমের দুটি গরু সম্প্রতি চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গরুর সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। খোঁজাখুঁজির একপর্যায়ে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া একটি গরু দেখতে পান স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে ওই নেতার বাড়ির সামনে লোকজন জড়ো হয় এবং পরে রামগঞ্জ থানা পুলিশ গিয়ে গরুটি উদ্ধার করে। অপর গরুটি চাটখিল থেকে উদ্ধার করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিএনপির দলীয় ভাবমূর্তি রক্ষায় দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়। এর মধ্যে দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে এবং এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় অন্য এক স্থানীয় নেতাকে (ভাটরা ইউনিয়নের ওয়ার্ড কৃষিবিষয়ক সম্পাদক) বহিষ্কার করা হয়েছে।
অভিযুক্ত দেলোয়ার হোসেন জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসাতে গরুটি তাঁর গোয়ালঘরে রেখে দেওয়া হয়েছিল। শোকজের লিখিত জবাব দেওয়ার পর দলীয় ফোরামে বিষয়টি স্পষ্ট করবেন বলে জানান তিনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার পেছনের মূল অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply