সকলের সমন্বিত উদ্যোগ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দায়িত্বে আন্তরিকতার মাধ্যমে মৌলভীবাজারকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়ন গতিশীল করতে হবে। স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় করে তাঁদের সমস্যা ও অগ্রাধিকারভিত্তিক প্রয়োজনগুলো জেনে পদক্ষেপ নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশেষ করে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান, অবকাঠামো নির্মাণ ও সড়ক যোগাযোগের মানোন্নয়নে প্রয়োজনীয় টেকসই পদক্ষেপ বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী। জেলাজুড়ে একটি টেকসই ও নিরাপদ পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রবাসী আয় এবং তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী জোর দিয়ে বলেন, তরুণ সমাজকে বৈশ্বিক বাজারে উপযোগী করে তুলতে বিদেশি ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষ জনশক্তি গড়ে তুলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে।
এছাড়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
একটি উত্তর দিন