জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মকর্তার বিরুদ্ধে আগে নেওয়া বিভিন্ন বিভাগীয় দণ্ড ও শাস্তি রাষ্ট্রপতির আদেশে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁদের চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন-ভাতা প্রদান এবং জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
বিভাগীয় শৃঙ্খলাভঙ্গ, অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভিন্ন সময়ে এসব কর্মকর্তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতসহ নানা ধরনের প্রশাসনিক শাস্তি দেওয়া হয়েছিল। দণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা এসব আদেশের বিরুদ্ধে মহামান্য রাষ্ট্রপতির কাছে আপিল ও পুনর্বিবেচনার আবেদন জানান।
পরবর্তীতে রাষ্ট্রপতি আপিল আবেদনসমূহ পর্যালোচনা করে দেখতে পান যে, কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের ক্ষেত্রে আইনগত ও পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল এবং কয়েকটি ক্ষেত্রে দেওয়া শাস্তি মাত্রার চেয়ে অতিরিক্ত হয়ে গিয়েছিল। সার্বিক বিবেচনা ও ন্যায়বিচারের স্বার্থে সংবিধান ও সরকারি চাকরি আইনের আওতায় রাষ্ট্রপতি তাঁদের ওপর আরোপিত সব ধরনের দণ্ড বাতিল ও মওকুফের সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ আইনি ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ পদে পুনর্বহাল হবেন। আইআরডির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের সাময়িক বরখাস্ত ও পদচ্যুতকালীন সময়ের বকেয়া বেতন-ভাতা এবং প্রাপ্য জ্যেষ্ঠতা (Seniority) নিয়ম মেনে ফেরত পাবেন। এনবিআরের প্রশাসন শাখা ইতোমধ্যে রাষ্ট্রপতির এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছে।
একটি উত্তর দিন