নাটোরের লালপুরে দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্যবাহী একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অতিথি না করায় এলাকায় অবৈধভাবে মাইকিং করে ভুয়া ‘১৪৪ ধারা’ জারির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ওই ঘটনার জেরে সংগঠনবিরোধী ও শৃঙ্খলাভঙ্গের অপরাধে সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ছাত্রদল।
ঘটনাটি ঘটে লালপুর উপজেলার কেশবপুর গ্রামে। স্থানীয় সূত্র জানায়, কেশবপুর গ্রামে প্রায় ছয় দশক ধরে গ্রামবাসীর আয়োজনে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। রেওয়াজ অনুযায়ী কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তিকে সেখানে অতিথি করা হয় না; গ্রামের প্রবীণ ব্যক্তিরাই বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
তবে শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত ফাইনাল খেলায় নিজেকে বিশেষ অতিথি করার দাবি তোলেন লালপুর উপজেলা ছাত্রদলের সদস্য মারুফ আলী। আয়োজক কমিটি স্থানীয় ঐতিহ্য বজায় রেখে তা প্রত্যাখান করলে তিনি বেআইনিভাবে মাইকিং করিয়ে এলাকায় ১৪৪ ধারা জারির ভুয়া ঘোষণা দেন। এর ফলে গ্রামে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঐতিহ্যবাহী ফাইনাল খেলাটি ভেস্তে যায়।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হলে নজরে আসে ছাত্রদল কেন্দ্রীয় ও স্থানীয় হাইকমান্ডের। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে নাটোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে অভিযুক্ত মারুফ আলীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে লিখিতভাবে এর জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় প্রবীণ ও ক্রীড়ামোদী ক্ষোভ প্রকাশ করে জানান, ব্যক্তিগত স্বার্থে প্রশাসন ও আইনের দোহাই দিয়ে এমন ভুয়া খবর ছড়িয়ে খেলাই বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
একটি উত্তর দিন