কারাগারে বন্দি ছেলেকে একনজর দেখার আকুল তৃষ্ণা বুকে নিয়েই শেষনিশ্বাস ত্যাগ করলেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা পদাবলী দেবী।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। অসুস্থ শরীর নিয়ে শয্যাশায়ী থাকলেও শেষ মুহূর্তে তাঁর একমাত্র তীব্র আকুতি ছিল ছেলেকে দেখার। তবে আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং ছেলের জামিন না হওয়ায় শেষ পর্যন্ত মায়ের সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর পূর্বে বারবার চিন্ময়ের নাম উচ্চারণ করছিলেন তিনি। স্বজন ও স্থানীয়দের উপস্থিতি পরিবেশকে ভারী করে তোলে। একজন মায়ের এমন করুণ পরিণতিতে স্থানীয় জনমনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আটক রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। আইনি নানা জটিলতায় একাধিকবার চেষ্টা করেও তিনি জামিন পাননি, ফলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা মায়ের পাশে উপস্থিত হওয়ার সুযোগ তাঁর হয়নি।
Leave a Reply