চাকরি পুনর্বহালের এক দফা দাবিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পদযাত্রায় (লংমার্চ) লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনকারীরা সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকের অভিমুখে এক দফা দাবিতে পদযাত্রা বা লংমার্চ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভকারীরা সচিবালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে স্বারকপত্র প্রদানের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে।
আন্দোলনরতদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রকম পূর্ব বিজ্ঞপ্তি ছাড়া বা অন্যায্য পরীক্ষার অজুহাতে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। নিজেদের বকেয়া পাওনা এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূণ আন্দোলন করে আসছিলেন। তবে শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশের এই লাঠিচার্জকে তারা ‘অন্যায্য’ বলে দাবি করেছেন।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মতিঝিল ও সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং গণউপদ্রব এড়াতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply